
নিউজ ডেস্কঃ মন্দিরে হামলা চালিয়ে কোনো দুর্বৃত্তই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার, সংখ্যালঘু বান্ধব সরকার। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আছেন বলেই পূজা আজকে দুর্গৎসবে পরিণত হয়েছে। প্রতিটা পূজা সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
কুমিল্লার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে সেতু মন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনা আজকে একটু ভয়-ভীতির আবহ সৃষ্টি করেছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় যেটা সংঘটিত হয়েছে, সেটা সাম্প্রদায়িক অপশক্তির কাজ। সাম্প্রদায়িক অপশক্তি তাণ্ডব চালাতে চেয়েছিল। পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে এত বড় একটি উৎসবকে কালিমালিপ্ত করতে চেয়েছিল। তিনি আরও বলেন, আমরা সতর্ক রয়েছি। যারা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই ঘটনায় যারাই জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর।