
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকার পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনীকেন্দ্র’ উদ্বোধন করবেন। প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাউল করিম বুধবার (২০ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীকেন্দ্রটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন। তিনি আরো বলেন, এই প্রদর্শনী কেন্দ্রটি বছরব্যাপী বিভিন্ন পণ্যভিত্তিক মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। রেজাউল করিম বলেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) পূর্বাচল নিউ সিটি প্রজেক্ট এরিয়ায় এই ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কন্ট্রাকশন প্রজেক্ট’ নিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও চীন যৌথভাবে এর অর্থায়ন করেছে। প্রকল্প পরিচালক আরও বলেন, ‘চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএসসিইসি)’ ১৩০৩ দশমিক ৫০ কোটি টাকা ব্যয়ে ২০ একর জায়গাজুড়ে প্রদর্শনীকেন্দ্রটি নির্মাণ করেছে। চীন এই প্রকল্পে ৬২৫ দশমিক ৭০ কোটি টাকা দিয়েছে। তিনি বলেন, কেন্দ্রটির ফ্লোর স্পেস ৩৩ হাজার স্কয়ার মিটার। এর মধ্যে ১৫ হাজার ৪১৮ স্কয়ার মিটারের একটি প্রদর্শনী হল রয়েছে।