
নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে যারা ভুয়া ভিডিও ও কনটেন্ট আপলোড করছেন, শেয়ার করছেন এবং অযাচিত মন্তব্য করছেন-তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২০ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, একটি চক্র জেনেশুনেই স্বার্থ হাসিলের জন্য ভুয়া ভিডিও কনটেন্ট শেয়ার ও প্রচার করছে। এ ধরনের বেশি কিছু পেজের অ্যাডমিনকে শনাক্ত করা হয়েছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাইক, কমেন্টস ও শেয়ার দিচ্ছেন, তাদেরও শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে অভিযান চলছে।সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল দেশে এবং বিদেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে চক্রান্ত ও চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট ছড়িয়ে দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করছে। চক্রটি পূর্বে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিডিও কনটেন্ট সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও বলে প্রচারের চেষ্টা করছে। এমনকি পাশের দেশের একটি অগ্নিকাণ্ডের ভিডিওকে রংপুরের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও বলে প্রচারের চেষ্টা করেছে। এ সংক্রান্ত তথ্য ও ভিডিও বিভ্রান্তি ছড়িয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো র্যাবও সোচ্চার রয়েছে।