
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে। মৃত ১০ জনের মধ্যে পুরুষ চারজন ও নারী ছয়জন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।
সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৬০৯টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি এক লাখ ৭১ হাজার ৫২৩টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে আটজন বেসরকারি হাসপাতালে দুজন মারা গেছেন।