News71.com
 Bangladesh
 21 Oct 21, 07:51 PM
 219           
 0
 21 Oct 21, 07:51 PM

উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরী সহায়তায় ৩৬ লাখ টাকা ও শুকনো খাবার॥

উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরী সহায়তায় ৩৬ লাখ টাকা ও শুকনো খাবার॥

নিউজ ডেস্কঃ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ৩৬ লাখ নগদ টাকা এবং শুকনো ও অন্যান্য খাবারের চার হাজার প্যাকেট বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ বরাদ্দ দেওয়া হয়েছে। মঞ্জুরিকৃত অর্থ এবং শুকনো ও অন্যান্য খাবার সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট প্রতিটি জেলার জন্য নগদ পাঁচ লাখ করে ২০ লাখ টাকা, গো খাদ্য ক্রয় বাবদ দুই লাখ করে আট লাখ টাকা, শিশু খাদ্য ক্রয় বাবদ দুই লাখ করে আট লাখ টাকাসহ মোট ৩৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি জেলার জন্য এক হাজার করে মোট চার হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, এক কেজি দেশি মসুরের ডাল, এক কেজি আয়োডিনযুক্ত লবণ, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুঁড়াসহ মোট আটটি আইটেম রয়েছে। প্রতিটি প্যাকেট খাবারে চার সদস্যের পরিবারের প্রায় এক সপ্তাহ চলে যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন