News71.com
 Bangladesh
 26 Oct 21, 09:59 PM
 221           
 0
 26 Oct 21, 09:59 PM

ত্রিপুরায় ১৫০ মসজিদে পুলিশি নিরাপত্তা॥

ত্রিপুরায় ১৫০ মসজিদে পুলিশি নিরাপত্তা॥

নিউজ ডেস্কঃ দুর্গাপূজার সময় কুমিল্লায় সংগঠিত ঘটনার জের এসে পড়েছে ত্রিপুরায়। বর্তমানে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেখানে। রাজ্যের একাধিক জায়গায় হামলার গুজব রটেছে। কোনো কোনো মুসলিম অঞ্চলে উত্তেজনা তৈরি হয়েছে বলেও জানিয়েছে মুসলিম সংগঠনগুলো। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং পুলিশের কাছে নিরাপত্তার আবেদনপত্র জমা দিয়েছে জামিয়াত উলেমা হিন্দ। জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ত্রিপুরার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের ১৫০ মসজিদে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি আগের চেয়ে শান্ত হয়েছে বলেও দাবি প্রশাসনের। বাংলাদেশের ঘটনার জেরে গত ২১ অক্টোবর ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরে এক বিশাল মিছিলের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চ। সেই মিছিল কেন্দ্র করে প্রথম উত্তেজনা ছড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করলে প্রশাসনের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায় আন্দোলনকারীদের। এ সময় পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়া হলে তারা পাল্টা লাঠিচার্জ করে। ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়।


পুলিশের বক্তব্য, ওই এলাকায় মুসলিমদের বসবাস থাকায় ১৪৪ ধারা জারি করে মিছিল আটকানো হয়েছিল। যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে। কিন্তু আরএসএস নেতা অভিজিৎ চক্রবর্তীর জানান, আগেই পুলিশের কাছ থেকে মিছিলের অনুমতি নিয়ে রাখা হয়েছিল। এদিকে এ ঘটনার সঙ্গে সঙ্গে চারিদিকে গুজব ছড়াতে শুরু করে। উনকোটিতে এক দেবতার মূর্তি পাহাড়ের ওপর ফেলে রেখে আসা হয়েছে বলে গুজব ছড়ায়। উনকোটির পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেভাবে গত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাতে পাহাড়ের ওপর ওই জায়গায় কারো পক্ষে মূর্তি রেখে আসা সম্ভব নয়। বিষয়টি গুজব বলেই তিনি দাবি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন