
নিউজ ডেস্ক:প্রায় দেড় বছর পর ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে শিডিউল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে সপ্তাহে পাঁচ দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আজ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। বিমান জানিয়েছে, সিঙ্গাপুর যেতে হলে যাত্রীদেরকে অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতিপত্র নিতে হবে এবং অনুমোদিত কোভিডের টিকার পূর্ণ ডোজ নিতে হবে।
ফাইজার, মডার্না, অস্ট্রাজেনেকা, সেরামের কোভিশিল্ড, সিনোফার্ম, সিনোভ্যাক টিকার যেকোনো একটির ২ ডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে ১ ডোজ নেওয়ার কমপক্ষে ১৪ দিন পর থেকে সিঙ্গাপুরে যাওয়া যাবে। দুই বছরের বেশি বয়সী যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। সিঙ্গাপুর পৌঁছে ১০ দিন হোটেল কোয়ারেন্টিন থাকতে হবে। কোয়ারেন্টিনের তৃতীয় ও সপ্তম দিনে নিজ খরচে অ্যান্টিজেন রেপিড টেস্ট করাতে হবে এবং ১০ম দিনে নিজ খরচে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণে গেলে যাত্রীদেরকে চাঙ্গি বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হবে এর জন্য আগেই অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি দিতে হবে। সিঙ্গাপুর যাওয়ার আগে মোবাইলে ‘Trace Together’ অ্যাপ ডাউনলোড করতে হবে।