News71.com
 Bangladesh
 28 Oct 21, 01:52 PM
 196           
 0
 28 Oct 21, 01:52 PM

ফুটপাতে ঔষধ বিক্রি নিষিদ্ধে আইন উঠছে মন্ত্রিসভায়॥

ফুটপাতে ঔষধ বিক্রি নিষিদ্ধে আইন উঠছে মন্ত্রিসভায়॥

নিউজ ডেস্কঃ ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া বাণিজ্যিকভাবে ঔষধ উৎপাদন বা আমদানি করলে সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের বিধান যুক্ত করে ‘ঔষধ আইন-২০২১’ এর খসড়া তৈরি করা হয়েছে। জনসাধারণের চলাচলের পথ বা মহাসড়ক কিংবা ফুটপাতে ঔষধ বিক্রি নিষিদ্ধের বিধান রাখা হচ্ছে আইনের খসড়ায়। এ সংক্রান্ত অপরাধের বিচার করতে ‘ঔষধ আদালত’ প্রতিষ্ঠা করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়া অনুমোদন দেওয়া হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। এছাড়াও ‘আটিয়া বন (সংরক্ষণ) আইন-২০২১' অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

খসড়া আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি লাইসেন্সিং কর্তৃপক্ষের প্রদত্ত লাইসেন্স ছাড়া অথবা লাইসেন্সে আরোপিত শর্ত বহির্ভূতভাবে ঔষধ মজুত, প্রদর্শন, বিক্রয়, বিতরণের ক্ষেত্রে ইন্টারনেট অথবা ওয়েববেইজড প্রক্রিয়া ব্যবহার করতে পারবেন না। যদি কেউ এই বিধান লঙ্ঘণ করেন তাহলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। আইনে লাইসেন্স কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর হবে এই কর্তৃপক্ষ। প্রধান কার্যালয় হবে ঢাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন