
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকদের সেবা প্রদানে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (০৭ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গোপালগঞ্জ পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে গ্রাহকদের সেবা দেওয়ার ক্ষেত্রে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ পাওয়ায় দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের কোর্ট পরিদর্শক মো. বজলুর রহমানের নেতৃত্বে রোববার একটি অভিযান পরিচালনা করে এনফোর্সমেন্ট টিম। তারা অভিযোগকারীর সঙ্গে দেখা করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ভুক্তভোগী টিমকে জানান, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন এবং সব প্রক্রিয়া শেষে গত ১৮ মার্চ তা গ্রহণ করেন। টিম সরেজমিনে পাসপোর্ট অফিস পরিদর্শন এবং অভিযোগের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য শোনে এবং সার্ভারের রেকর্ডের সঙ্গে অভিযোগকারীর তথ্য মিলিয়ে দেখে। এ প্রসঙ্গে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।এদিকে পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম কর্মশালার প্রশিক্ষণ ও দৈনিক ভাতার অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, বরিশালের সহকারী পরিচালক রাজকুমার সাহার নেতৃত্বে রোববার অভিযান চালায় এনফোর্সমেন্ট টিম। তারা সরেজমিনে পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শন করেন এবং অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য শোনেন।