
নিউজ ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে এলিসি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাসাদে পৌঁছালে প্রেসিডেনশিয়াল গার্ডরা প্তাকে গার্ড অব অনার দেয়। এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা ছবি তোলেন। পরে দুই নেতা এলিজি প্রাসাদে এক সঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং বৈঠক করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মণি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্যারিসে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিপাবলিকান গার্ড সদস্যরা স্ট্যাটিক গার্ড অব অনার দেয়। সন্ধ্যায় ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে প্রধানমন্ত্রী জিন ক্যাস্তের (Jean Castex) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।