
নিউজ ডেস্কঃ রাজধানীতে চলাচলকারী বাসে যাতে বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেজন্য মালিক-শ্রমিক সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম কাজ করছে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার জানান, মালিক-শ্রমিকদের সমন্বয়ে গঠিত আটটি টিম বিআরটিএ’র সঙ্গে কাজ করছে। এসব টিম অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে সহায়তা করছে। বিআরটিএ’র পুনঃনির্ধারিত বাসভাড়া কার্যকর করা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার (১০ নভেম্বর) কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
সভায় ঢাকাস্থ প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান ও এমডি, সব রুট মালিক সমিতি এবং সব শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়- ঢাকা মেট্রো এলাকায় চলাচলকারী গাড়িতে যাতে বিআরটিএ’র নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় এ ব্যাপারে মালিক-শ্রমিক সমন্বয়ে ১১টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এ টিম বৃহস্পতিবার (১১ নভেম্বর) থেকে বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটের সঙ্গে থেকে সব অনিয়ম তদারকি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।