
নিউজ ডেস্কঃ বিরোধী দল জাতীয় পার্টিকে মানুষ সরকারের দালাল হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তারা এখন দালালি নামটা ঘোচাতে চান বলেও জানান তিনি। শনিবার(২৭ নভেম্বর) জাতীয় সংসদে মহাসড়ক বিলের সংশোধনী প্রস্তাবের আলোচনার সময় তিনি এ কথা বলেন। এর আগে তিনি একই বিলের ওপর আলোনার সময় মহাসড়কের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে বিরোধী দল শুধু সমালোচনা করে বলে মন্তব্য করেন।
এ প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, আমরা সরকারের প্রশংসা করি না তা না। প্রশংসা আর কত করবো, প্রশংসার জন্য মানুষ আমাদের সরকারের দালাল বলেন। আমরা এখন দালালি নামটা ঘোচাতে চাই। যদি চান আপনাদের সব সময় প্রশংসা করবো এটা বোধ হয় বিরোধী দলের কাজ না। এর পর চুন্নুর বক্তব্যের প্রসঙ্গ ধরে আরও সংসদ সদস্যরাও কথা বলেন। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেছিলেন, বিরোধী দলের সদস্যরা শুধু সমালোচনা করে। সরকারের কোনো কাজে প্রশংসা তারা করতে পারে না।