
নিউজ ডেস্কঃ ফেনীর ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার সবকটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার (২৯ নভেম্বর) সকালে জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, পরশুরামে উপজেলার তিনটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তার মধ্যে মির্জানগরে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থীর নুরুজ্জামান ভুট্টু। তিনি পেয়েছেন ৮ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আকবর ভূঞা আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট। বক্স মাহমুদ ইউনিয়নে নৌকার প্রার্থী আবদুল গফুর ভূঞা ৮ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন ৯৫৩ ভোট। এছাড়া, চিথলিয়া ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ছাগলনাইয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। এরমধ্যে মহামায়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত শাহজাহান মিনু, রাধানগর ইউনিয়নে মোশারাফ হোসেন, ঘোপাল ইউনিয়নে মোহাম্মদ সেলিম নির্বাচিত হয়েছেন।