
নিউজ ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ‘লেডি বাইকার’ নামে পরিচিত সিলেটের রিয়া রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি জানান, আদালত তাকে ১০ সপ্তাহের জামিন দিয়েছেন। এরপর তাকে নিম্ন আদালতে হাজির হতে হবে।
গত ৮ নভেম্বর পুলিশ বাদী হয়ে সিলেটের বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করে। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে সিলেট নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার বাসিন্দা রিয়া রায়। অনলাইন জগতে লেডি বাইকার নামে পরিচিত। তরুণীদের মোটরসাইকেল চালাতে তিনি উদ্ধুদ্ধ করেন ভিডিওবার্তায়। নিজে টিকটক ভিডিও তৈরি করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার বয়ফ্রেন্ড আরমান সামিকে নিয়ে মাদক কারবারে নামার অভিযোগ তার বিরুদ্ধে।