News71.com
 Bangladesh
 03 Dec 21, 12:08 PM
 187           
 0
 03 Dec 21, 12:08 PM

ই কমার্স কোম্পানি দারাজের ডেলিভারি ভ্যান থেকে ইয়াবা উদ্ধার॥ আটক ২

ই কমার্স কোম্পানি দারাজের ডেলিভারি ভ্যান থেকে ইয়াবা উদ্ধার॥ আটক ২

নিউজ ডেস্কঃ দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজের পণ্য ডেলিভারির কাভার্ডভ্যান থেকে ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক ও ডেলিভারিম্যানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জের স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। আটক গাড়ির চালক গকুল চন্দ্র (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা এবং ডেলিভারিম্যান মো. শাহাদাত হোসেন (২২) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া গ্রামের বাসিন্দা।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অনলাইন শপ দারাজের পণ্য ডেলিভারি ভ্যানে ইয়াবা রয়েছে। এমন খবর পেয়ে আমার নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি ও এএসআই মো. জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রহমতপুর-মীরগঞ্জ সড়কের স্টিল ব্রিজে অবস্থান নেই। কিছুক্ষণ পরই অনলাইন শপ দারাজের একটি পণ্য ডেলিভারির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-থ ৫৪-৩৪১৫) ব্রিজ অতিক্রমকালে আটক করা হয়। এ সময় কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের সিট কভারের ভেতর থেকে কাগজে মোরানো অবস্থায় ১০ পিস ইয়াবাসহ চালক ও ডেলিভারিম্যানকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্যর নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মাহাবুবুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন