
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, গুরুতর অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়া এখন হাসপাতালের বিছানায় মুমূর্ষু অবস্থায় রয়েছেন। অবিলম্বে সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে সরকারের গড়িমসি এদেশের জনগণ সহ্য করবে না। সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে শাহজাহানপুর থানার ১১ ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় তিনি এ কথা বলেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বাসভবনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সালাম বলেন, বর্তমান আওয়ামী সরকার প্রতিহিংসাপরায়ণ সরকার। তাদের মধ্যে মানবিকতাবোধ নেই বলেই দেশনেত্রী খালেদা জিয়ার জীবন বাঁচাতে বিদেশে পাঠানোর কোনো উদ্যোগ গ্রহণ করছে না।
দেশনেত্রীকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তি এখন ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। দেশনেত্রীর জীবন বাঁচাতে বিএনপি নেতাকর্মীরা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, দেশনেত্রীর চিকিৎসা নিয়ে ঘৃণ্য রাজনীতিতে মেতে উঠেছে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথায় একটাই চিন্তা, তাহলো খালেদা জিয়া বেঁচে থাকলে আওয়ামী অবৈধ দেশ শাসন দীর্ঘ স্থায়ী করা যাবে না। তাই তিনি দেশনেত্রী খালেদা জিয়াকে পথের কাঁটা ভাবছেন। কিন্তু বাংলাদেশের জনগণ দেশনেত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। বিএনপি নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করে ছাড়বে।