
নিউজ ডেস্কঃ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ক্রমশ বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী রোববার (৫ ডিসেম্বর) রাতেই তা নিম্নচাপ আকারে বাংলাদেশের উপকূলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) থেকে পাথরঘাটায় গুমোট আকাশের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এদিকে আবহাওযা অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্কতা জারি থাকলেও বঙ্গোপসাগরে মাছ ধরা কয়েক শ’ ট্রলার এখনও ফিরে আসেনি। এসব ট্রলারের জেলেরা গভীর সাগরে থাকায় উপকূলে জেলে পল্লীর পরিবারগুলোর মাঝে দুশ্চিন্তা বাড়ছে।
প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়ার কারণে শত শত ট্রলার গভীর সাগরে থাকায় নিরাপদ আশ্রয় আসতে পারেনি বলে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। তাদের ভাষ্য এমনিতেই সাগরে জেলেরা মাছ ধরছে জীবনের ঝঁকি নিয়ে। এখন সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সেই ঝুঁকি আরও বেড়েছে। উপজেলার বাদুরতলা গ্রামের হারুন মিয়া জানান, তার ভাই এবং প্রতিবেশী ১০জন একই ট্রলারে ৫ দিন আগে সাগরে মাছ ধরতে গেছে। এখন পর্যন্ত ফিরে আসেনি। আবহাওয়া খারাপ হওয়ায় আমরা মোবাইলে বারবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। নেটওয়ার্কের বাইরে থাকায় এখন পর্যন্ত তাদের সঙ্গে কথা বলা যায়নি।