
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে একাত্তরের অপকর্মের জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবিকে সমর্থন করতেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক কূটনীতিক হোসেন হাক্কানি। গতকাল রোববার (৫ ডিসেম্বর) ঢাকায় দুই দিনের আন্তর্জাতিক শান্তি সম্মেলনের সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘পাকিস্তানে আমার মতো অনেকেই মনে করেন, ১৯৭১ সালে বাংলাদেশের ওপর বিয়োগান্তক ঘটনা চাপিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া উচিত। আমার ধারণা, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই ধারণাকে তিনি সমর্থন করতেন। অতীতের ক্ষত এবং অপকর্ম সারাতে সামস্টিক ক্ষমার প্রতি যাদের বিশ্বাস রয়েছে, তাদের সবাই এটা সমর্থন করবে।’ হোসেন হাক্কানি জানান, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের বিচার ন্যায়বিচার নিশ্চিতের পূর্বশর্ত। এটি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সহায়ক ভূমিকা রাখবে।