
নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় জাওয়াদ এর ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় রোববার (৫ ডিসেম্বর) বিকেল ছয়টা পর্যন্ত সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়া এক হাজারের বেশি পর্যটক ফিরতে পারেননি। তবে দ্বীপে আটকে পড়া পর্যটকেরা ভালো রয়েছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।গত শনিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর কারণে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে। এরপর দুর্ঘটনা এড়াতে টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন এই তিন নৌপথে চলাচলকারী সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল উপজেলা প্রশাসন।
রোববার বিকেল পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক না হওয়ার পাশাপাশি সতর্ক সংকেত প্রত্যাহার না করায় ওই তিনটি নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। ফলে কোনো জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যেতে না পারায় কোনো পর্যটক ফিরতে পারেনি। সাগর উত্তাল থাকায় যাত্রী নিয়ে কোনো ট্রলার সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যেতে অনুমতি দেননি স্থানীয় কোস্টগার্ড। ঢাকার গাজীপুর থেকে পরিবারের আটজন সদস্যসহ বেড়াতে আসা ব্যবসায়ী হোসাইন হাসনাত বলেন, বেড়াতে এসে আটকে পড়ে গেলাম। ঘূর্ণিঝড়ের সংকেতের কথা শুনে প্রথমে ভয় পেলেও এখন আকাশে তারার ঝলমল দেখে প্রাণ জুড়ে গেছে। রাতের সেন্টমার্টিনে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পেরে খুবই আনন্দ লাগছে। কি সুন্দর আমার এ দেশ। পরিচর্যা করলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে হার মানাতে পারবে এই প্রবাল দ্বীপটি।