
নিউজ ডেস্কঃ নাগাল্যান্ড-মায়ানমার সীমান্তে সেনা সংঘর্ষে ১৩ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই পরিস্থিতি উত্তাল। ক্ষুব্ধ জনসাধারণের ক্ষোভের মুখে পড়েছে সেনাবাহিনী। এক সেনা নিহতও হয়েছেন সংঘর্ষে। রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা চালানোর সময়ে আরও এক গ্রামবাসী নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যার দিকে আসাম রাইফেলসের একটি ঘাঁটিতে আক্রমণ করে গ্রামবাসীদের একাংশ। পুলিশের দাবি, নিরাপত্তারক্ষীদের ঘাঁটি ভেঙে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। ওই ঘটনায় আত্মরক্ষা করতে গিয়েই আরও এক গ্রামবাসীর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাত থেকে এখনও পর্যন্ত মোট ১৫ জন মারা গিয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার ভোর থেকে নাগাল্যান্ডের মন জেলার ওটিং অঞ্চলে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, তার জেরে জারি হয়েছে কারফিউ। সমস্ত যানবাহন চলাচলের উপর চলছে নিষেধাজ্ঞা। কেবল জরুরি প্রয়োজনে যাতায়াত করার অনুমতি মিলছে। ১৪৪ ধারা জারি গোটা এলাকায়। দায়ের হয়েছে খুনের মামলা। নতুন করে যাতে উত্তেজনা যাতে ছড়াতে না পারে, সে কারণে মন জেলা জুড়ে ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা আগেই বন্ধ করে দিয়েছে প্রশাসন।