News71.com
 Bangladesh
 06 Dec 21, 11:42 AM
 188           
 0
 06 Dec 21, 11:42 AM

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে উপকুল জুড়ে বৃষ্টি অব্যাহত॥

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে উপকুল জুড়ে বৃষ্টি অব্যাহত॥

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাট জুড়ে গুমোট আবহাওয়া বিরাজ করছে। রোববার (০৫ ডিসেম্বর) ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে মৃদু বাতাস অব্যাহত রয়েছে। বিকেল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি বাগেরহাটে। সময় যত যাচ্ছে আবহাওয়া তত খারাপের দিকে যাচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে গুমোট আকাশের কারণে উপকূলের মানুষের মাঝে ঝড়ের আতঙ্ক বিরাজ করছে। শীত ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। ঝড়ের খবরে বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে থাকা নৌযানগুলো উপকূলে আসতে শুরু করেছে। কেউ কেউ সুন্দরবনের মধ্যে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। তবে মোংলা সমুদ্রবন্দরের সব কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাত হোসেন।

এদিকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আঘাত হানলে করণীয় বিষয়ে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় জাওয়াদ সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, সন্ধ্যা থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেই সঙ্গে শীতের তীব্রতাও বাড়ার সম্ভাবনা রয়েছে। জরুরি সভা করে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাব মোকাবিলায় সর্তক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার ভ্যানচালক মো. শাহজামাল বলেন, বৃষ্টি ও শীতের কারণে সকাল থেকে ভ্যান চালাতে পারেনি। বিকেল হয়ে গেছে এক পয়সাও রোজগার নাই। রাতে কি নিয়ে বাড়ি যাব। জাওয়াদের কথা শোনার পর থেকে আতঙ্কে আছি, কখন জানি কি হয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন