
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তার সুস্থতার একমাত্র উপায় বিদেশে নিয়ে চিকিৎসা করা।সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মানবিক দৃষ্টিতে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধও জানান মির্জা ফখরুল।এরআগে সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা জানান, মুমূর্ষু অবস্থায় থাকায় খালেদা জিয়ার দ্রুত বিদেশে চিকিৎসা করাতে হবে। সরকার বিএনপির দাবি না মানলে কঠোর কর্মসূচিসহ আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ আইন নয়, সরকারের সদিচ্ছার অভাবই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। বিএনপি জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস বলেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ শুরু হওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।