
নিউজ ডেস্কঃ আগামীকাল মঙ্গলবারের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংকালে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার মুরাদ হাসানকে আগামী কালকের মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশমতে আমি আজ রাত ৮ টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি।
উল্লেখ্য সম্প্রতি সোস্যাল প্লাটফর্মের এক টকশোতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যার প্রেক্ষিতে তার পদত্যাগ দাবি করেন নারী অধিকারকর্মীরা।এরপর ঢাকা চলচ্চিত্রের এক নায়িকার সঙ্গে অডিও রেকর্ড ফাঁস হওয়ায় সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। প্রতিমন্ত্রী ডা. মুরাদের পদত্যাগের দাবি ওঠে নানান মহল থেকে।
যদিও এর আগে আজ সোমবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত মন্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য। এটি দল বা সরকারের নয়। তবে এ ধরনের বক্তব্য তিনি কেন দিলেন, বিষয়টি নিয়ে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।