
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, কোভিড মহামারির অব্যাহত চ্যালেঞ্জ এবং একটি জটিল বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সোমবার (০৬ ডিসেম্বর) বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মৈত্রী দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশন এক সংবর্ধনা অনুষ্ঠান ও সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে বিক্রম দোরাইস্বামী বলেন, আজ আমরা মৈত্রী দিবস উদযাপন করছি কারণ এদিন ভারত এবং ভুটান প্রথম দেশ হিসেবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দিল্লি এবং ঢাকা ছাড়াও বিশ্বের ১৮টি প্রধান শহরে এই মৈত্রী দিবস উদযাপিত হচ্ছে। তিনি বলেন, এত বড় আকারে অন্য কোনো দেশের সঙ্গে যৌথভাবে এই ধরনের মাইলফলক উদযাপনের চেষ্টা আগে কোনো দেশ করেনি। কোভিড মহামারির অব্যাহত চ্যালেঞ্জ এবং একটি জটিল বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সর্বোচ্চ পর্যায়ে সফর এবং আমাদের সামরিক বাহিনীর মার্চিং কন্টিনজেন্টের একে অপরের বার্ষিক দিবসের প্যারেডে অংশগ্রহণের মতন বিশেষ ঘটনাগুলোতে বন্ধুত্বের প্রতিফলন ঘটে। এটি দুই দেশের প্রধানমন্ত্রীর ৬ ডিসেম্বরকে এখন থেকে মৈত্রী দিবস হিসেবে ঘোষণার সিদ্ধান্তেও প্রতিফলিত হয়েছে।