
নিউজ ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন শিগগিরই ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি করা হবে, সেই চুক্তিও সম্পন্ন হওয়ার পথে। সোমবার (৬ ডিসেম্বর) এক আলোচনায় ভুটানে ব্যান্ডউইথ রপ্তানির ব্যাপারে নিশ্চিতয়তা পাওয়া গেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে 'বিজয়ে প্রযুক্তি মেলা-২১' উদ্বোধনকালে তিনি একথা জানান। বাংলাদেশ কম্পিউটার সমিতি পাঁচ দিনব্যাপী এই কম্পিউটার মেলার আয়োজন করেছে। এবারের মেলায় দর্শনার্থীদের টিকিট কেনা লাগবে না। শুধু এন্ট্রি করেই মেলায় ঢুকতে পারবেন সবাই।
মোস্তফা জব্বার বলেন, ২০০৮ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৮ লাখ। তারা ৮ জিবিপিএস ব্যান্ডউইথের ওপর নির্ভর করতেন। এখন এই ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা বেড়ে ১২ কোটি হয়েছে, আর আমাদের ব্যান্ডউইথ আছে দুই হাজার ২০০ জিবিপিএস। এই ব্যান্ডউইথ থেকে আমরা ৭০০ জিবিপিএস সৌদিতে রপ্তানি করছি, মালয়েশিয়াতে ২০০ জিবিপিএস রপ্তানি করছি। মন্ত্রী বলেন, ভারত ও নেপালের মতো দেশেও ব্যান্ডউইথ রপ্তানি করা হবে। সে জন্য তৃতীয় সাবমেরিন ক্যাবল বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। যা ২৪ সালের মধ্যে শেষ হবে। তিনি আরও বলেন, ২০২২ সালের মধ্যে মাত্র ১৬০টি ইউনিয়ন ছাড়া দেশের সব ইউনিয়নে ফাইবার অপটিক পৌঁছে যাবে। বাকি ইউনিয়নগুলোতে তার ঢুকানো যাচ্ছে না, তাই এগুলোতে বাকি থাকবে।