
নিউজ ডেস্কঃ আগামী বছরের (২০২২) ১৬ মার্চের পরে বাজারে খোলা তেল বিক্রি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। একইসঙ্গে বোতলজাত/প্যাকেটজাত করে মানসম্পন্ন ভোজ্য তেল ভোক্তার কাছে সহজলভ্য করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্রান্ড বলরুমে ‘ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসেসমেন্ট অব ড্রাম অয়েল সোল্ড ইন মার্কেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেলের প্রতি ভোক্তারা কেন আস্থা রাখতে পারছেন না সেটা ভাবতে হবে। আমদানিকারক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাইকে অবশ্যই জনস্বাস্থ্য বিবেচনা করতে হবে, তারপর মুনাফা। এ সময় তিনি সংশ্লিষ্টদের মানসম্পন্ন ভোজ্য তেল ভোক্তার কাছে পৌঁছে দিয়ে আস্থা অর্জনের আহ্বান জানান। সাধন চন্দ্র মজুমদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরেই মজুদদারী ও ভেজালের বিরুদ্ধে স্পেশাল অ্যাক্টে মামলা করে শাস্তির বিধান করেছিলেন। দীর্ঘ ৫০ বছর পরেও আমাদের ভেজালের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে।