
নিউজ ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে ছয় দফা দাবি না মানলে গণভবনে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নীলক্ষেতে অবরোধ কর্মসূচি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের একটি অংশ এ তথ্য জানায়। আন্দোলনের সমন্বয়ক ইসমাইল সম্রাট সংবাদমাধ্যমকে বলেন, আমরা দাবি মানার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। অন্যথায় আমরা গণভবনে স্মারকলিপি দিতে যাবো। শিক্ষার্থীদের দাবিগুলো হলো—গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য প্রজ্ঞাপন দিয়ে অর্ধেক ভাড়া নিশ্চিত করা ও বিআরটিসি বাস শিক্ষার্থীদের জন্য ফ্রি করা; সব গণপরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য অবাধ-নিরাপদ যাত্রা নিশ্চিত করা ও ট্রাফিক আইনের বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনে একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা; সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া ও আহত-ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসাসহ সব দায়িত্ব নেওয়া; দুর্ঘটনার জন্য দোষী চালক ও ফিটনেসবিহীন যানবাহনের মালিকদের বিচারের জন্য দ্রুত বিচার আদালত স্থাপন; প্রতিটি গণপরিবহনের ভেতর দৃশ্যমান স্থানে ড্রাইভিং লাইসেন্সের কপি ও গাড়ির নম্বরপ্লেট স্থাপন, সারা দেশে ট্রাফিক ব্যবস্থা স্বয়ংক্রিয়করণ ও আধুনিকায়ন; পরিবহন খাতে দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করে শতভাগ শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সব বেসরকারি বাস-ট্রাক-সিএনজি-ট্যাক্সির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা।