
নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎ সঞ্চালন সংযোগ স্থানান্তরের সময় দুর্ঘটনাবশত বৈদ্যুতিক খুঁটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে ইমরুল কাউসার (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক মিজানুর রহমান। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া-সাটুরিয়া সড়কের বিডি ফুড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমরুল কাউসার ধামরাইয়ের আমতা ইউনিয়নের শিয়ালোপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। আহত অটোরিকশাচালক মিজানুর রহমান ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার আসারুল্লা আলীর ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যায় কাওয়ালীপাড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়ক দিয়ে সাটুরিয়ার দিকে যাচ্ছিল ওই অটোরিকশাটি। একই সময় সড়কের পাশে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করছিলো ঠিকাদাররা। দুর্ঘটনাবশত বৈদ্যুতিক খুঁটি দাঁড় করানোর সময় তা সড়কে চলন্ত একটি অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশার যাত্রী ইমরুল কাউসার খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অটোরিকশার চালককে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা।