
নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে জানতে হবে বাংলাদেশকে জানার জন্যে, আমাদের নিজেদের ইতিহাসকে ও আমাদের সংগ্রামের অর্জনের ইতিহাসকে জানার জন্যে। তাই বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা তিনটি বই “অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন” আমাদের বই পড়া কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। এসব বইয়ের মধ্য থেকে কিছু অংশ আমরা পাঠ্য পুস্তকেও অন্তর্ভূক্ত করেছি। একইভাবে বঙ্গবন্ধুর জীবন ও বঙ্গমাতার জীবন আমরা পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করেছি।
বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এই বইগুলোর ওপর ভিক্তি করে বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা শুরু হয়েছে। যাতে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সুইমিংপুল ও জিমনেসিয়ামে আয়োজিত আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রী।