
নিউজ ডেস্কঃ রাজশাহীর মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রের ২৩৮ জন পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) রসায়ন প্রথম পত্রের পরীক্ষায় রাজশাহী শহরের এই কেন্দ্রটিতে এমন ঘটনা ঘটেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের ২০০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। বুধবার সবগুলো কেন্দ্রেই পরীক্ষা নেওয়া হয়েছে সেট-২ এর ‘তারা’ নামের প্রশ্নপত্রে। শুধু রাজশাহীর মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে সেট-৪ এর ‘তিমি’ নামের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। সকাল ১০টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর মাদার বখস গার্হস্থ্য অর্থনীতি কলেজ কর্তৃপক্ষ সেট ভুল হওয়ার বিষয়টি জানতে পারেন। তখন শিক্ষাবোর্ডকেও বিষয়টি জানানো হয়। কিন্তু তখন আর কিছু করার ছিল না। তাই ভুল প্রশ্নপত্রেই ২৩৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। ২০০টি কেন্দ্রের মধ্যে ১৯৯টি কেন্দ্রে সেট-২ এবং এই একটি কেন্দ্রে সেট-৪ এর প্রশ্নপত্রে পরীক্ষা হয়। ফলে এই কেন্দ্রের পরীক্ষার্থীরা এখন উদ্বিগ্ন। জানতে চাইলে কেন্দ্র সচিব সালমা শাহাদাতও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে দুটি করেই সেট পাঠানো হয়। কোন সেটে পরীক্ষা নেওয়া হবে তা পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষাবোর্ড থেকে এসএমএস দিয়ে জানানো হয়।