
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিজেদের ঘর থেকে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুদক আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। দুর্নীতি দমনে দুদককে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে রাষ্ট্রপ্রতি বলেন, দুর্নীতিবাজ যে দলেরই হোক, দুর্নীতি করলে তাকে আইনের আওতায় আনতে হবে।
আগামী দিনগুলোতে দুদককে দুর্নীতি দমনে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ‘আমি আশা করব, আপনারা নিজেদের ঘর থেকেই এ অভিযান শুরু করবেন। কিছুসংখ্যক লোকের জন্য যাতে পুরো দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।’ আবদুল হামিদ বলেন, কমিশনের সব পর্যায়ের কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি দুর্নীতি দমন কার্যক্রমে তারা যেন সর্বোচ্চ নিরপেক্ষতা ও নৈতিকতা প্রদর্শন করেন। অন্যের দুর্নীতি চিহ্নিত করে বিচারের আওতায় আনার আগে নিজেদের অনিয়ম ও অসততা দূর করতে হবে। ‘যারা রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব ও ক্ষমতার অপব্যবহার করবে তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। ’