
নিউজ ডেস্কঃ কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে গতিসীমা মেনে চলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। শনিবার (১১ ডিসেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে পরিবহন শ্রমিকদের প্রতি এ আহ্বান জানান তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গাড়ি চালনার ক্ষেত্রে সবাইকে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানাচ্ছি। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আশা করি।
বিএনপি নেতারা গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, এখন তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ছিল কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল। জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন- মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে।