
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় ডিবি পুলিশের হাজতখানায় বাবলু সরদার (৫২) নামে এক মাদকবিক্রেতার মৃত্যু হয়েছে। বাবলু সরদার জেলার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের মৃত জুড়োন সরদারের ছেলে। শনিবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে আনে ডিবি পুলিশের একটি দল। ডিবি পুলিশের দাবি, বাবলু সরদার হাজতখানায় আত্মহত্যা করেছেন। জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার দেবহাটা থানাধীন সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে অভিযান চালিয়ে বাবলু সরদারকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন। গ্রেফতার আসামিকে উদ্ধারকৃত আলামতসহ ডিবি হেফাজতে রাখা হয় এবং এ ঘটনায় দেবহাটা থানায় ০৬ মামলা (১১/১২/২০২১) দায়ের করা হয়। আসামি বাবুল সরদার ডিবি হেফাজতে হাজত খানায় থাকা অবস্থায় রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় তার পরিহিত লুঙ্গি দিয়ে হাজতখানার লোহার দরজার রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আসামির বিরুদ্ধে মাদক আইনে আরও চারটি মামলা বিচারাধীন রয়েছে।