
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে র্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এটা অনভিপ্রেত, দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এজন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান এ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমরা মনে করি এ ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই থাক। আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক যেটির ওপর এ ঘটনার প্রেক্ষিতে কোনো প্রভাব পড়বে না। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ক্লিনিক ভবনে তথ্য অধিদফতর সম্মেলন কক্ষে মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তথ্য অধিদফতরের বিশেষ প্রকাশনা 'মা ও শিশু' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মো. মকবুল হোসেন। যুক্তরাষ্ট্রে র্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অত্যন্ত চমৎকার সম্পর্ক। যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী এবং নানাভাবে আমাদের জাতির অগ্রগতিতে সহযোগিতা করে আসছে। সন্ত্রাসবাদ-জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের টেকটিক্যাল সহযোগিতা রয়েছে। তাদের সেই সহযোগিতা নিয়েই আইনশৃঙ্খলা বাহিনীগুলো উপকৃত হয়েছে।