
নিউজ ডেস্কঃ বিতর্কিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করবে বিএনপি। রোববার (১২ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হবে। এর আগে শনিবার (১১ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, জাইমা রহমান সম্পর্কে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিচার চেয়ে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টা নাগাদ মামলা করতে যাবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারসহ ফোরামের আইনজীবী নেতারা। তিনি আরও বলেন, খুলনা ও রংপুর বিভাগ বাদে অন্য বিভাগগুলোর বিশেষ ট্রাইব্যুনালেও মামলা করা হবে।
এর আগে, গত ৭ ডিসেম্বর রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. মুরাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান। বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান।