News71.com
 Bangladesh
 12 Dec 21, 10:11 PM
 193           
 0
 12 Dec 21, 10:11 PM

দেশে ওমিক্রনে আক্রান্ত রোগী সনাক্ত॥ আতঙ্কের কারণ নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে ওমিক্রনে আক্রান্ত রোগী সনাক্ত॥ আতঙ্কের কারণ নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে করোনার নতুন ধরন ওমিক্রনে দুজন শনাক্ত হলেও আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. জাহিদ মালেক। তিনি বলেন, প্রতিনিয়ত কোভিডের বিভিন্ন ভ্যারিয়েন্ট আসছে। আমরা করোনার তৃতীয় ওয়েব চাচ্ছি না, দ্বিতীয় ওয়েবেই সমাপ্ত করতে চাচ্ছি। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞাসহ চিকিৎসক ও নার্সরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গতকাল দুজন করোনার ওমিক্রন ধরনে আক্রান্তের খবর পাওয়া গেছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তবে তারা ভালো আছে। এতে আতঙ্কের কোনো কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, আমরা খুবই ভাগ্যবান এই ডিসেম্বরে বিজয়ের মাসে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান করার সব ব্যবস্থা করে ফেলেছি। সেই সাথে মুজিববর্ষও পালন করছি। ১৯৭১ এর ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন বাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া ভারত স্বাধীনতার সময়ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। সন্ত্রাস, দুর্নীতি, ব্যবসা-বাণিজ্যে বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত বাংলাদেশ একসাথে কাজ করার প্রত্যয়ব্যক্ত করেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন