
নিউজ ডেস্কঃ ফ্যাসিস্ট, দুঃশাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সোমবার (১৩ ডিসেম্বর) সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এ কথা বলেন। বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ, ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ভুলুণ্ঠিত। দেশে চলছে লুটপাটতন্ত্র। এ অবস্থার অবসান ঘটিয়ে দেশকে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, অভিমুখীনতার পথে প্রতিষ্ঠা করার জন্য, প্রবল প্রতিকূলতার মুখেও দেশবাসী সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এ সংগ্রামে জনগণের বিজয় অবশ্যম্ভাবী। সিপিবি অগ্রভাগে থেকে এ সংগ্রাম এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।