
নিউজ ডেস্কঃ খুব শিগগিরই সারা দেশে বাণিজ্যিকভাবে ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে টেলিটকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলক ফাইভ-জি নেটওয়ার্ক উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় এ কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে রোববার রেডিসন ব্লুতে আয়োজিত ‘নিউ ইরা উইথ ফাইভ-জি’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সেবার উদ্বোধন করেন।
টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি-৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়ায় এই সেবা পাওয়া যাবে। হুয়াওয়ে এবং নোকিয়ার সহযোগিতায় বাংলাদেশে এই সেবা চালু করা হচ্ছে। বিশ্বের নবম দেশ হিসেবে বাংলাদেশে ফাইভ-জি সেবা চালু হলো বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এখন সীমিত আকারে ফাইভ-জি চালু হলেও খুব শিগগিরই বাণিজ্যিকভাবে সারাদেশে সম্প্রসারিত হবে।’ বিশ্বের সর্বাধুনিক মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালুর জন্য ডাক ও টেলিযোগ বিভাগ এবং টেলিটককে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।