
নিউজ ডেস্কঃ অচিরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নব নিযুক্ত উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ আজম। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে এই স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ক্লাসমুখী করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছি। শিক্ষার্থীরাও ক্লাসে ফিরতে আগ্রহী। ফলে আমি আশাবাদী সবার সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে সক্ষম হব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর ইচ্ছার প্রতিফলন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বাস্তবায়ন করেছেন। এখন আমাদের দায়িত্ব এ বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মানের করে গড়ে তোলা। এ জন্য আমরা কাজ শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।