
নিউজ ডেস্কঃ দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ২১৪ কোটি টাকা ভোক্তাদের ফেরত দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহে টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে গঠিত জাতীয় কমিটির ২ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় এই অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে গঠিত উপকমিটির দ্বিতীয় সভায় সিদ্ধান্ত হয়, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই, সেসব প্রতিষ্ঠানের নামে এসক্রো সার্ভিসে ভোক্তাদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম শফিকুজ্জামান বলেন, আমাদের নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে গত জুলাই মাস থেকে যাদের টাকা আটকে আছে, সেগুলো যেন তাঁদের ফেরত দেওয়া হয়। সে লক্ষ্যে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আমরা একটি চিঠি দিয়েছি। আমরা আশা করছি, বাংলাদেশ ব্যাংক দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরিণ ভাবে এ বিষয়ে প্রক্রিয়া চলছে। এখন গ্রাহকের টাকা ফেরতের বিষয়টি একটি বড় ইস্যু হয়ে গেছে।