
নিউজ ডেস্কঃ হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে ভিন্ন ভাবে শীতের আমেজ শুরু হয়েছে। দিনভর গরম আবহাওয়া থাকলেও রাতে পুরো দমে অনুভূত হচ্ছে শীত। একইসঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঝড়ছে কুয়াশা। এতে পঞ্চগড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বির্পযস্ত হয়ে উঠেছে। এদিকে বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসয়িাস রেকর্ড করা হয়েছে। যা সকাল ১১টায় সারাদেশের সঙ্গে নির্ণয় করে দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড করা হয়। এদিকে একই দিন দুপুর ১২টার সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, প্রতিবারের মতো এবারও কিছুটা আগেভাগে শীত পড়া শুরু করেছে। তবে চলতি ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে রাতে শীতের দাপট অনেকটাই বেড়েছে। দিনে গরম রাতে শীত অনুভূত হচ্ছে। এদিকে শীতের তীব্রতা ও গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছে স্থানীয় নিম্ন আয়ের মানুষ। বৈরি আবহাওয়ায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা। তবে জেলার মধ্যে সব থেকে বেশি শীত অনুভূত হয় সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায়। অন্যদিকে হতদরিদ্রদের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় জেলা ও উপজেলা প্রশাসন।