
নিউজ ডেস্কঃ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। সকাল সাড়ে ১১টার দিকে বিশেষ বিমানে ঢাকায় নেমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে দেওয়া লালগালিচা সংবর্ধনা শেষে তিনি তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌছান।
সাভার থেকে ফিরে আজ দুপুরেই ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জাদুঘরের কিউরেটর এন আই খান বলেন, দুপুর সোয়া ১টার দিকে সেখানে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাকে জাদুঘরে স্বাগত জানান এবং ঘুরিয়ে দেখান বঙ্গবন্ধুর বাড়ি। এ সময় উপহার হিসেবে বঙ্গবন্ধুর লেখা ’অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’সহ কয়েকটি বই ভারতের রাষ্ট্রপতির হাতে তুলে দেন শেখ রেহানা। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখার পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে বসেছেন। বুধবার বিকাল সাড়ে চারটায় এই বৈঠক শুরু হয়েছে।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর সোনারগাঁওয়ে প্রবেশ করে। তারা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
রামনাথ ঢাকায় সফরে আসার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের রাষ্ট্রপতি ভবনের তৈরি করা মিষ্টি, কেক এবং বিস্কুট সঙ্গে এনেছেন। প্রধানমন্ত্রী যেন নিজে সেগুলো গ্রহণ করেন সেই অনুরোধও করেন ভারতের রাষ্ট্রপতি। গত বছর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আমের প্রশংসা করে রামনাথ কোবিন্দ জানান, আমগুলো মিষ্টি ও সুস্বাদু ছিল।