
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুন্দরবনে ১০০টি কুমির অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে সুন্দরবনের চারটি স্থানে কুমিরগুলো অবমুক্ত করা হয়। দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সামনের নদীতে আনুষ্ঠানিকভাবে কয়েকটি কুমির অবমুক্ত করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার। পরে পযায়ক্রমে এ নদীতে ৪০টি কুমির অবমুক্ত করা হয়। এ সময় প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমির হুসাইন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল, করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সামনের নদীতে ৪০টি ছাড়াও, সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা এলাকায ২০টি, খুলনায় ২০ এবং শরণখোলা রেঞ্জ এলাকায় ২০টি কুমির অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা এসব কুমিরের বয়স দুই বছরের মতো। চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে জন্ম নেওয়া এসব কুমিরের ওজন ৮-২০ কেজির মতো। বিলুপ্তি রোধে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমিরের প্রজনন করানো হয়।