
নিউজ ডেস্কঃ আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার করে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল কর্পোরেশন। আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের মিনি কনফারেন্স কক্ষে সোমবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ড. ওমর ইশরাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাতকালে এই আশ্বাস দিয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিমন্ত্রী আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) এবং মেশিন লার্নিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার করে মানুষের ভোগান্তি ও অর্থ ব্যয় হ্রাসসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে ড. ওমর ইশরাকের কাছে সহযোগিতা চান।
এ সময় ইনটেল চেয়ারম্যান আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার করে স্বাস্থ্যসেবার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে প্রতিমন্ত্রী ড. ওমর ইশরাকের কাছে গত ১২ বছরে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে দেশে ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটিয়েছে। দেশের আইসিটি রপ্তানি বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। আমাদের লক্ষ্য ২০২৫ সালে তা ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা। দুই হাজারের মতো সেবা ডিজিটাইজড করে তাতে মানুষের প্রবেশগম্যতা নিশ্চিত করা হয়েছে। ফলে মানুষকে এখন আর সেবার পেছনে ছুটতে হয় না, সেবাই পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়।