
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও বাড়াতে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশ সফররত দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান ভারতের রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ব্রিফ করেন। স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে যান ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। বঙ্গভবনে পৌঁছালে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা হামিদ। এরপর বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৈঠকে বসেন ভারত এবং বাংলাদেশের দুই রাষ্ট্রপ্রধান।
বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ও প্রকল্প সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে তার দেশের আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রপতি রাম নাথ বলেন, দুদেশের বাণিজ্য যাতে আরও বাড়ে, সে ব্যাপারে তার দেশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আগ্রহী। বাণিজ্য বাড়াতে যৌথ উদ্যোগের ওপর জোর দেন রাম নাথ কোবিন্দ।