
নিউজ ডেস্কঃ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্কে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুভক্ষণে স্থায়ী মিশন আয়োজিত এবারের বিজয় দিবসের অনুষ্ঠান দুটি পর্বে ভাগ করে উদযাপন করা হয়। শুক্রবার (১৭ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথম পর্ব শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী পাঠকৃত শপথ বাক্য অনুসরণ করে স্থায়ী প্রতিনিধির নেতৃত্ব মিশনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব-আলোচনা অনুষ্ঠান শুরু হয় স্থানীয় সময় সন্ধ্যে ছয়টায়। কোভিড-১৯ এর নতুন ধরণ ওমিক্রনের প্রেক্ষিতে দূতাবাস ভবনস্থ বিল্ডিং কর্তৃপক্ষ ও স্থানীয় নির্দেশনা অনুযায়ী ভার্চ্যুয়ালভাবে আলোচনা পর্বটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন প্রবাসী মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত তরুণ বাংলাদেশী-আমেরিকানসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশী নেতৃরা।