
নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আয়োজনে রাজধানীতে বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে। আজ শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়। এ বিজয় শোভাযাত্রাটি উদ্বোধন করেন প্রবীন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু এমপি।
সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিজয় শোভাযাত্রায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী-সমর্থকরা অংশগ্রহণ করছেন। বিজয় শোভাযাত্রায় জনতার ঢল নামে। শোভাযাত্রা শুরুর আগে জনতার স্রোত এলিফ্যান্ট রোড পেরিয়ে ধানমন্ডি অভিমুখে মিরপুর রোডে গিয়ে পৌঁছায়। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আয়োজিত এ শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিজয়ের আমেজে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, জাতীয় পতাকা নিয়ে ও ঢাকঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।