
নিউজ ডেস্কঃ ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, আগামী বছর সুবিধাজনক সময়ে তুরস্কের রাষ্ট্রপতি রজপ তাইপ এরদোয়ানের বাংলাদেশ সফরের মধ্যদিয়ে দু′দেশের সম্পর্ক নব উচ্চতা ও নতুন মাত্রা লাভ করবে। ইস্তাম্বুলে মহান বিজয় দিবসের ৫০ বছরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। শনিবার ( ১৮ ডিসেম্বর) ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট অফিস এ তথ্য জানায়।
ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিজয় দিবস উপলক্ষে তুরস্কের একটি পাঁচতারকা হোটেলে ′বাংলাদেশ নাইট′ এর আয়োজন করে । অনুষ্ঠানে তুরস্কের বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়িবৃন্দ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিসহ প্রায় দু′শত অতিথি অংশগ্রহণ করে। স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দূরদর্শী নেতৃত্বে বিশ্বমানচিত্রে বাংলাদেশ নামক দেশটির জন্ম হয়েছিল। তিনি আরো স্মরণ করেন, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা ।