
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশের প্রত্যাবাসনের জন্য একাধিক প্রচেষ্টা সত্ত্বেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরতে পারেনি। মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের মধ্যে আস্থা তৈরির মাধ্যমে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের পথ সুগম হবে। রোববার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এদিন রাষ্ট্রীয় অতিথি পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী টম অ্যান্ড্রুজকে তার গুরুত্বপূর্ণ নিয়োগের জন্য অভিনন্দন জানান। তার পদের সাফল্য আশা করেন। এসময় বাংলাদেশের অসংখ্য প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আশ্রয় দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ মানবিকতা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য উভয় দেশ ২০১৭ সালে প্রস্থানের পরপরই তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। যেখানে মিয়ানমার রোহিঙ্গাদের নিরাপদে দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সম্মত হয়েছে। তবে দুঃখজনক হলো ২০১৭ সাল থেকে বাংলাদেশের প্রত্যাবাসনের জন্য একাধিক প্রচেষ্টা সত্ত্বেও একজনও রোহিঙ্গা মিয়ানমারে ফিরতে পারেনি।