
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ শুরু হলেও দেশে টিকার কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটরিয়ামে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক দেশ মডার্নার টিকা বুস্টার হিসেবে দিচ্ছে। তবে আমরা ফাইজারকে বেছে নিয়েছি। কারণ আমাদের স্বাস্থ্য বিভাগ সবকিছুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুসরণ করে থাকে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে প্রয়োজন হবে ২৪ কোটি ডোজ টিকা। এই ৭০ শতাংশ মানুষ অর্থাৎ ১২ কোটি মানুষকে করোনা টিকার দিতে হবে। আগামী এপ্রিল নাগাত দ্বিতীয় ডোজ সম্পন্ন হবে। এর জন্য ১৩ কোটি ডোজ টিকা লাগবে। তিনি বলেন, মাঠ পর্যায় ৪ কোটি ৬৩ লাখ ডোজ টিকা রয়েছে। এই ডিসেম্বরে সম্ভাব্য টিকা প্রাপ্তি হবে ৬ কোটি ৫৫ লাখ ডোজ। ২০২২ সালে প্রথম কোয়াটারের মধ্যে আরও ৯ কোটি ডোজ টিকা পাবো। ৩১ মার্চ নাগাদ দেশে করোনা টিকার মজুদ (ওয়েস্টজসহ) হবে ১৬ কোটি ৮৫ লাখ ডোজ টিকা।